আগামী বছর থেকে বাংলাদেশে তৈরি হবে জাপানি স্মার্ট কৃষিযন্ত্র

২৮ এপ্রিল, ২০২৩ ২০:৩০  

বাংলাদেশেই স্মার্ট কৃষি প্রযুক্তির কম্বাইন হারভেস্টার, ট্রাক্টর ও  ট্র্যান্সপ্লান্টার তৈরি করতে জাপানি কৃষিযন্ত্র তৈরির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইয়ানমার এগ্রিবিজনেস কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।  টোকিও থেকে ওকায়ামার ইনামিতে শুক্রবার সকালে প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনের সময় এই আহ্বান জানান তিনি।  

প্রতিউত্তরে বাংলাদেশে নিজেদের স্মার্ট কৃষি প্রযুক্তি দিয়ে সহযোগিতার বিষয়ে শিগগিরই উদ্যোগ নেয়ার কথা নিশ্চিত করেন ইয়ানমারের প্রেসিডেন্ট মাসাদা স্যান। এসময় তিনি জানান, বাংলাদেশে কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। সামনের বছর থেকে এসিআইর সহযোগিতায় বাংলাদেশে কম্বাইন হারভেস্টার ও রাইস ট্র্যান্সপ্লান্টার তৈরির কার্যক্রম শুরু করা হবে।

 প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের আগে সেখানে বিভিন্ন কৃষিযন্ত্র তৈরির কার্যক্রম ঘুরে দেখেন কৃষিমন্ত্রী।  এছাড়াও, গ্রিনহাউজে বিশেষায়িত ফসল যেমন আম, পেঁপে,  স্ট্রবেরি প্রভৃতির গবেষণার বায়ো ল্যাব কার্যক্রম পরিদর্শন করেন।

ইয়ানমারকে বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে।  সামনের দিনগুলোতে শ্রমিক সংকট আরো বাড়বে, একইসঙ্গে কৃষিযন্ত্রের চাহিদাও বাড়বে, বিশাল বাজার তৈরি হবে। বাংলাদেশ ইয়ানমারের কৃষিযন্ত্রের সুনাম আছে, চাহিদাও আছে। কাজেই, ইয়ানমার বাংলাদেশে বিনিয়োগ করে,কারখানা স্থাপন করে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরি করলে অনেক লাভবান হতে পারবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে এবং সরকার সবরকম সহযোগিতা প্রদান করবে।

এসময় ইয়ানমারের প্রেসিডেন্ট মাসাদা স্যান, গ্লোবাল মার্কেটিং পরিচালক উয়েদা স্যান, শিমিগ স্যানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তা, এসিআইর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট এফএইচ আনসারী প্রমুখ উপস্থিত ছিলেন।